ফের সাইবার হানার আশঙ্কা! রাজ্যের সব সরকারি দফতরকে জরুরি চিঠি, কোন বিপদের কথা জানাল প্রশাসন?
: পুজোর আগে সাইবার হামলার শিকার হয়েছিল রাজ্যের একাধিক সরকারি দফতরের ওয়েবসাইট। অভিযোগ, গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ওই ওয়েবসাইটগুলিতে হামলা চালিয়েছিল হ্যাকাররা। সেই ঘটনার পর ফের সতর্ক রাজ্য সরকার। আগাম বিপদের আশঙ্কায় রাজ্যের সমস্ত সরকারি দফতরকে চিঠি পাঠিয়েছে রাজ্য সরকারের অধীনস্থ নেক্সট জেনারেশন সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার। গত সেপ্টেম্বরের সাইবার হামলার অভিজ্ঞতা থেকেই এই সতর্কবার্তা বলে প্রশাসন সূত্রে খবর।চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা না নিলে ফের সরকারি ওয়েবসাইটে হানা দিতে পারে হ্যাকাররা। এর ফলে সরকারের গুরুত্বপূর্ণ এবং গোপন তথ্য অন্যের হাতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। গত সেপ্টেম্বরে রাজ্যের একাধিক সরকারি ওয়েবসাইট আচমকা অচল হয়ে পড়েছিল। এর জেরে জন্ম ও মৃত্যুর শংসাপত্র তৈরি-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ ব্যাহত হয়। যদিও সেই সময় সাইবার হামলার বিষয়টি সরকারি ভাবে স্বীকার করা হয়নি।এ বার সরকারি তথ্যের নিরাপত্তা আরও জোরদার করতে নতুন করে সতর্কবার্তা জারি করেছে সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার। সরকারি ওয়েবসাইটে ব্যবহৃত পিএইচপি প্রযুক্তির কয়েকটি সংস্করণে নিরাপত্তার ত্রুটি থাকতে পারে বলে জানানো হয়েছে। বিশেষ করে সিভিই-২০২৬-১০৯৬১৮ এবং সিভিই-২০২৬-১০৯৬১৯ নম্বরের নিরাপত্তা সংক্রান্ত দুর্বলতার কথা উল্লেখ করা হয়েছে।পিএইচপি হল এক ধরনের প্রোগ্রামিং ভাষা। মূলত ওয়েবসাইট তৈরি এবং পরিচালনার কাজে এটি ব্যবহার করা হয়। এই প্রযুক্তিতে কোনও নিরাপত্তার ত্রুটি থাকলে হ্যাকাররা তার সুযোগ নিতে পারে। তাই কোন কোন সরকারি কম্পিউটার, সার্ভার এবং অনলাইন পরিষেবায় পিএইচপি ব্যবহার করা হচ্ছে, প্রথমেই তার তালিকা তৈরি করতে বলা হয়েছে।পাশাপাশি কোন সরকারি ওয়েবসাইটে পিএইচপি-র কোন সংস্করণ ব্যবহার করা হচ্ছে, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তার সমস্যা থাকলে দ্রুত প্রয়োজনীয় হালনাগাদ ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে যে সমস্ত ওয়েবসাইট সরাসরি ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করা যায়, সেগুলির ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।এ ছাড়াও বেশ কিছু সরকারি ওয়েবসাইটে বাইরে থেকে তথ্য পাঠানো বা ফাইল জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এই ধরনের ওয়েবসাইটগুলিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করার কথা জানিয়েছে সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার। কোথাও কোনও নিরাপত্তার ত্রুটি ধরা পড়লে দেরি না করে দ্রুত তার সমাধান করতে হবে।গত সেপ্টেম্বরের ঘটনার পর ফের এই সতর্কবার্তা ঘিরে রাজ্যের সরকারি দফতরগুলিতে তৎপরতা বেড়েছে। সরকারি ওয়েবসাইটে থাকা গুরুত্বপূর্ণ তথ্য যাতে কোনও ভাবেই হ্যাকারদের হাতে না পৌঁছয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

